রামিসা হত্যা মামলার রায়: যে সিদ্ধান্তই আসুক, বাবাকে ধৈর্য ধরার পরামর্শ অ্যাটর্নি জেনারেলের
- Update Time : ১১:১৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৫৭ Time View

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায়কে কেন্দ্র করে নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।
এদিন মামলার রায় শুনতে হাইকোর্টে উপস্থিত হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এ সময় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তবে আদালতের সিদ্ধান্ত যাই হোক, তাঁকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের করা আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি সম্পন্ন হয়। উভয় পক্ষের বক্তব্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
হাইকোর্টে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন হাফিজুর রহমান খান।
সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার এই ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছিল। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন নিহত শিশুটির পরিবারসহ সংশ্লিষ্ট সবাই।



















