যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়ম কঠোর হচ্ছে, বাড়ছে বিদেশিদের চ্যালেঞ্জ
- Update Time : ১১:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৫৫ Time View

যুক্তরাষ্ট্রে নিয়োগদাতার স্পনসরশিপের মাধ্যমে বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির শ্রম দপ্তর। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন নাগরিক ও কর্মীদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। বিশেষ করে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের চাকরিতে মার্কিন কর্মীদের অগ্রাধিকার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর এ সংক্রান্ত প্রস্তাব প্রকাশ করে। দপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে স্থানীয় কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও শ্রমবাজারে তাঁদের অধিকার আরও সুরক্ষিত করা সম্ভব হবে।
এ বিষয়ে শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং এক বিবৃতিতে বলেন, মার্কিন কর্মীরা বিশ্বের সেরা এবং চাকরির ক্ষেত্রে প্রথম ও সর্বোত্তম সুযোগ পাওয়ার অধিকার রাখেন। কিন্তু বিদ্যমান বিধিমালার কিছু সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিষ্ঠান যোগ্য মার্কিন কর্মীদের যথাযথভাবে বিবেচনা না করেই বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের জন্য স্পনসর করার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, নতুন নিয়ম কার্যকর হলে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের পদগুলোতে বিদেশি কর্মীদের নিয়োগের আগে মার্কিন কর্মীদের সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যাবে।
শ্রম দপ্তর জানিয়েছে, প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো স্থায়ী শ্রম সনদ বা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (PERM) কর্মসূচিতে বড় ধরনের বিধিবিধান সংস্কারের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নিয়োগদাতাদের চাকরির বিজ্ঞপ্তি শুধু ছাপা পত্রিকায় প্রকাশ করলেই চলবে না; তা অনলাইনেও প্রকাশ করতে হবে। পাশাপাশি কমপক্ষে ৯০ দিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে হবে এবং যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগের জন্য যথাযথ ও আন্তরিক প্রচেষ্টা চালানোর প্রমাণ দিতে হবে। বিদেশি কোনো নির্দিষ্ট কর্মীকে নিয়োগ দেওয়ার সুবিধার্থে বিশেষভাবে চাকরির বিজ্ঞপ্তি তৈরি করার সুযোগও সীমিত করা হবে।
এ ছাড়া বর্তমানে কয়েকটি পেশায় শ্রমবাজার যাচাইয়ের বাধ্যবাধকতা ছাড়াই বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। নতুন প্রস্তাবে এ ধরনের প্রশাসনিক ছাড় বাতিলের কথা বলা হয়েছে। এর আওতায় ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান ও শিল্পকলায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কর্মীদের মতো পেশাও অন্তর্ভুক্ত রয়েছে।
শ্রম দপ্তরের প্রস্তাবে আরও বলা হয়েছে, কোনো নিয়োগদাতা গত দুই বছরে মার্কিন কর্মীদের ছাঁটাই করে থাকলে একই ধরনের বা কাছাকাছি পদে নতুন কর্মী নিয়োগের জন্য শ্রম সনদের আবেদন করতে পারবেন না।
প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও অংশীজনদের মতামত জানানোর জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। মতামত পর্যালোচনা শেষে চূড়ান্ত বিধিমালা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে নিয়োগদাতার স্পনসরশিপের মাধ্যমে গ্রিন কার্ড প্রত্যাশী বিদেশি পেশাজীবীদের জন্য নিয়োগপ্রক্রিয়া আরও দীর্ঘ ও প্রতিযোগিতামূলক হতে পারে। বিশেষ করে যেসব পেশায় স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি জোরদার করা হবে, সেসব ক্ষেত্রে বিদেশি আবেদনকারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
















