রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার গ্রেফতার, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগের অভিযোগ
- Update Time : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৬২ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার সিএমপি অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এবং পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতারের ঘটনা ঘটে।
সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। শনিবার সেই আবেদনের অনুমোদন পাওয়ার পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
যেসব অভিযোগে গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তাঁর কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি একটি তদন্ত কমিটিও গঠন করেছেন।
বিভাগীয় ও ফৌজদারি তদন্ত
পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। অন্যদিকে, রাষ্ট্রদ্রোহের মামলাটির তদন্ত করবে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
কে এই পুলিশ
মো. জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর গ্রেফতারের ঘটনা পুলিশ প্রশাসনে আলোচনার সৃষ্টি করেছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো তদন্তাধীন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা এবং তাঁর দায়-দায়িত্ব নির্ধারিত হবে।



















