মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ
- Update Time : ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪৮ Time View

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটি শেষে প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থনে গৃহীত হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছর এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত। তবে রাজনৈতিক পরিবর্তনের পর আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থানে পরিবর্তন এসেছে।
ওই কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মানবাধিকার সুরক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ এ প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রচলিত আইনে এখনো মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় প্রস্তাবের পক্ষে সরাসরি ভোট দেয়নি বাংলাদেশ।
এদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান ও কাতার।
প্রস্তাবের বিরোধিতাকারী দেশগুলোর যুক্তি, মৃত্যুদণ্ড স্থগিত রাখার মতো আন্তর্জাতিক আহ্বান জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী, প্রতিটি দেশের নিজস্ব আইন ও বিচারব্যবস্থা নির্ধারণের অধিকার রয়েছে। ফলে মৃত্যুদণ্ড বহাল থাকবে নাকি বিলুপ্ত হবে, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাষ্ট্রের নিজস্ব আইন ও নীতির ভিত্তিতেই নেওয়া উচিত।
জাতিসংঘের গৃহীত প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের ব্যবহার অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুসরণ করে নিজস্ব বিচারব্যবস্থা ও শাস্তির বিধান নির্ধারণে প্রতিটি দেশের সার্বভৌম অধিকার স্বীকার করা হয়েছে।
প্রস্তাবে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ধাপে ধাপে বিশ্বের সব দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতিমধ্যে এই শাস্তি বাতিল করেছে, তাদের পুনরায় মৃত্যুদণ্ড চালু না করার আহ্বানও জানানো হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে অগ্রগতি থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা উদ্বেগজনক। এ ছাড়া অপরাধ সংঘটনের সময় যাদের বয়স ১৮ বছরের কম ছিল, তাদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এমনকি অপরাধ সংঘটনের সময় অভিযুক্তের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
জাতিসংঘের এই প্রস্তাবে বাংলাদেশের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার নীতি এবং দেশের প্রচলিত বিচারব্যবস্থার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মৃত্যুদণ্ড নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নীতিগত অবস্থান কী হবে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে।



















