বিদেশি ঋণনির্ভরতা জাতিকে আত্মনির্ভর হতে দেবে না: ডা. শফিকুর রহমান
- Update Time : ০৫:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৫ Time View

রাজধানীতে এক আলোচনা সভায় ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশি ঋণ ও সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কোনো জাতিকে কখনোই দৃঢ়ভাবে দাঁড়াতে দেয় না। তিনি জোর দিয়ে বলেন, আত্মনির্ভরতা অর্জনের জন্য দেশীয় সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগানোই একমাত্র পথ।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়— ফলে সমাজের বাস্তবতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই সমাজের মানুষের কষ্ট ও হাহাকার বুঝতে হলে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।
কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে”— এ সত্য কখনোই ভুলে যাওয়া উচিত নয়। দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার ভিত্তি হিসেবে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি ছাড়া দেশের অর্থনীতির চাকা অচল হয়ে পড়বে। দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও দক্ষ জনবল ও কার্যকর উদ্যোগের অভাবে সেগুলো কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে পেট্রোল ও অকটেন উৎপাদনে দেশের উল্লেখযোগ্য সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, দেশে জ্বালানি মজুদ থাকার পরও অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করা হয়। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, বৈশ্বিক সংঘাত শেষ হলেও এর অর্থনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অতীতের কিছু আইন ও অধ্যাদেশ সংশোধন করা জরুরি, বিশেষ করে একটি স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন। তিনি বলেন, দেশের বিভিন্ন সংকট ও ক্ষয়ক্ষতির জবাব শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরই দিতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার মূল নিয়ন্ত্রণ রাজনীতির হাতেই থাকে। তাই রাজনীতি সঠিক পথে থাকলে দেশের অন্যান্য নীতিও সঠিকভাবে পরিচালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. এটিএম মাহবুব-ই ইলাহী (তাওহীদ)। এতে বিভিন্ন পেশাজীবী, কৃষিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















