রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার, উপস্থিত থাকবেন জামায়াত আমির
- Update Time : ০৬:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ৯১ Time View

পতিত আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সমাবেশে অংশ নেবেন।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার সংস্কৃতি এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের অভিযোগের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এই আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে অতীতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিও জানানো হবে।
ড. আযাদ আরও জানান, আগামী ৪ জুলাই দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় বাজেট পাসের পরও আন্দোলন-সংগ্রামের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “দেশকে আবারও বিচারহীনতা ও স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’-এর স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের বিশেষ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে আগামী ২৫ জুন বৈঠক করে চূড়ান্ত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।
এদিকে বিভাগীয় পর্যায়েও ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছি। তবে কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী বেআইনি কর্মকাণ্ড চালালে তার দায় সরকারকে নিতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহারসহ জোটের অন্যান্য নেতারা।





















