লিটন–মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
- Update Time : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৬০ Time View

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। টানা কয়েক সপ্তাহের অচলাবস্থার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে—বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। এই শর্তকে কেন্দ্র করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে জটিলতা, যার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে আজই।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত এখন অনেকটাই বিসিবির ওপর নির্ভরশীল। প্রায় তিন সপ্তাহ ধরে চলা অচলাবস্থার মধ্যে বুধবার বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের পর আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে—এ নিয়ে আর কোনো বিকল্প নেই।
এর আগে থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় অবস্থানে ছিল বিসিবি। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিয়ে আইসিসি একদিন সময় দিয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। ফলে আজকের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত অবস্থান জানাতে হবে বিসিবিকে।
ক্রিকবাজ বিসিবি সূত্রের বরাতে জানিয়েছে, বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লিটন দাস, মোস্তাফিজুর রহমানসহ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে সরকারের অবস্থান ও ভাবনা সরাসরি ক্রিকেটারদের জানাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠকে কেন ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে সময়কার প্রেক্ষাপট কী ছিল এবং বর্তমান বাস্তবতা কী—এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরবেন তিনি। একই সঙ্গে ক্রিকেটারদের মতামত ও প্রত্যাশাও শোনার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত ভাবনা, দলের লক্ষ্য এবং চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। আইসিসির নির্ধারিত একদিনের সময়সীমার মধ্যেই বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।






















