আবারও ‘ফ্যাসিবাদ কায়েমের’ ইঙ্গিত দিচ্ছে সরকার: শফিকুর রহমান
- Update Time : ০৫:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৯৩ Time View

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের চেষ্টা চলছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তার করছে।
তিনি বলেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সংসদের ভেতরে যতদিন সম্ভব সংগ্রাম চালিয়ে যাবেন, তবে মূল লড়াই হবে রাজপথে।
আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের
একই অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
নাহিদ ইসলাম জানান, আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, “এবার আমরা আংশিক নয়, পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন।”




















