হাজারীবাগে হোস্টেলে মিললো এনসিপি নেত্রী জান্নাতারার মরদেহ
- Update Time : ১২:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৬০ Time View

রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজারসংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমী (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ছাত্রীবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জান্নাতারা রুমী সক্রিয়ভাবে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানায়। তিনি মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের কন্যা।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জান্নাতারা রুমী ওই এলাকায় বসবাস করতেন এবং এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পারিপার্শ্বিক আলামত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
















