টেস্টে ২৫০ উইকেট নিয়ে নতুন উচ্চতায় তাইজুল
- Update Time : ১১:৫০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৫১ Time View

মিরপুর টেস্ট যেন প্রতিদিনই নতুন মাইলফলক গড়ে তুলছে তাইজুল ইসলামের জন্য। দেশের সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী সাকিব আল হাসানকে ছুঁয়ে, পরে ছাড়িয়ে যাওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটের রেকর্ড বইয়েও নাম লিখালেন বাঁহাতি স্পিনার। তিনি এখন বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে টেস্টে ২৫০ উইকেট নেওয়ার ক্রিকেটার।
পঞ্চম দিনের শুরুতে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ২৪৯। ৬৮তম ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউয়ের মাধ্যমে তিনি ২৫০ উইকেটের ম্যাজিক সংখ্যা স্পর্শ করেন। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট অর্জন।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অভিষেক হওয়া তাইজুলের ক্যারিয়ারের প্রথম ইনিংসেই এসেছে ৫ উইকেট। যদিও সাকিব আল হাসান এবং পরে মেহেদী হাসান মিরাজের উত্থানের কারণে দেশের বাইরে সুযোগ সীমিত ছিল, তবু তাইজুল দেশের স্পিন আক্রমণের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
এর আগে সাকিব আল হাসান ৫৪ টেস্টে ২০০ উইকেট স্পর্শ করেছিলেন। তাইজুল মাত্র ৪৮ টেস্টেই সেই মাইলফলক ছাড়িয়ে গেছেন। রেকর্ডটি দেখেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও এবং তাইজুলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, তাইজুল ক্যারিয়ারের শেষে ৪০০ উইকেটের উচ্চতায় পৌঁছাবেন।




















