পে স্কেলের গেজেট কবে? যা জানা গেল
- Update Time : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৬৮ Time View

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেলের গেজেট আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ জমা দেবে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন পে স্কেল দুই ধাপে বাস্তবায়নের কথা বিবেচনায় থাকলেও মূল বেতন একবারেই পুরোপুরি কার্যকর করার সুপারিশ করা হয়েছে। কারণ, ধাপে ধাপে মূল বেতন বাস্তবায়ন করলে সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থায় (আইবিএএস++) কারিগরি জটিলতা তৈরি হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি অথবা তার পরের সপ্তাহে এ-সংক্রান্ত গেজেট জারি হতে পারে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১০ নম্বর গ্রেডে প্রায় ১০০ শতাংশ এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডে গড়ে প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় করা হবে।
উল্লেখ্য, বর্তমানে সরকার প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় করছে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতির চাপে থাকা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।



















