মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- Update Time : ০৫:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ৯২ Time View

মালয়েশিয়ায় সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা চীনের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, চীন সফরের প্রথম গন্তব্য হবে দালিয়ান শহর। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন এবং বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (World Economic Forum) বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন। সেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদায়ের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম, ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে সফরটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়া ও চীনের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মালয়েশিয়া সফরে ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিলেও চীন সফরে প্রতিনিধি দলে আরও একজন সদস্য যুক্ত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে।


















