নৌকায় বসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, ঘুষিতে একজনের মৃত্যু
- Update Time : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৪৯ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা বা স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হানিফ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদর বাজারের মনোবাবু নৌকা ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোবাবু নৌকা ঘাটে যাত্রী পরিবহনের সময় নৌকায় বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন বলে জানা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

















