ডেইলি সাবাহ’র বিশ্লেষণ: জামায়াতের ক্ষমতায় আসার ইঙ্গিত দিচ্ছে কি বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন?
- Update Time : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৫ Time View

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন শুধু অভ্যন্তরীণ রাজনীতির গতিপথই নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছে তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। ৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত এক বিশেষ বিশ্লেষণধর্মী নিবন্ধে এ মূল্যায়ন তুলে ধরা হয়।
নিবন্ধে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের নিয়ন্ত্রণে এবং একতরফা আধিপত্যের মধ্যে ছিল। কিন্তু সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে সেই চিত্রে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রক্ষণশীল কিংবা ভিন্ন রাজনৈতিক ধারার ছাত্র প্যানেলগুলোর জয় ইঙ্গিত দেয়—তরুণ প্রজন্মের রাজনৈতিক চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষায় বড় ধরনের রূপান্তর ঘটেছে।
ডেইলি সাবাহ উল্লেখ করেছে, বাংলাদেশের জাতীয় রাজনীতি দীর্ঘকাল ধরে আঞ্চলিক শক্তির সমীকরণ, ভূ-রাজনৈতিক স্বার্থ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের প্রভাবের মধ্য দিয়ে পরিচালিত হয়ে এসেছে। বিশেষ করে বিগত সরকারের পতনের পর ছাত্র সংসদ নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে শিক্ষার্থীরা প্রথমবারের মতো তুলনামূলক স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এর ফলেই এমন এক নতুন ছাত্র নেতৃত্ব উঠে আসছে, যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, জোরজবরদস্তি ও ক্যাম্পাসভিত্তিক দখলদার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
বিশ্লেষণে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন ও ছাত্র রাজনীতি বরাবরই জাতীয় রাজনীতির দিকনির্দেশক হিসেবে কাজ করেছে। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতা-পরবর্তী সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছিল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম ক্ষেত্র। তবে নব্বইয়ের দশকের পর দীর্ঘ সময় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় ছাত্র রাজনীতি সহিংসতা, আধিপত্য বিস্তার এবং ক্ষমতার অপব্যবহারে সীমাবদ্ধ হয়ে পড়ে।
বর্তমানে ছাত্র সংসদ নির্বাচনের পুনরুজ্জীবন এবং সেখানে নতুন নেতৃত্বের উত্থান প্রমাণ করছে—তরুণ সমাজ আর পুরোনো রাজনৈতিক ছক কিংবা বাইরের কোনো আঞ্চলিক শক্তির প্রভাব মেনে নিতে আগ্রহী নয়। ডেইলি সাবাহ মনে করে, এই পরিবর্তন প্রতিবেশী দেশগুলোর জন্যও একটি স্পষ্ট বার্তা, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাহ্যিক প্রভাব খাটানো ক্রমেই কঠিন হয়ে উঠতে পারে।
বিশ্লেষকদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের এই রায় কেবল প্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা বহন করছে। এই রায় ইঙ্গিত দিচ্ছে যে, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব আরও স্বাধীনচেতা, গণমুখী এবং আত্মনির্ভরশীল হওয়ার পথে এগোচ্ছে—যার প্রভাব পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যের ওপর।
















