উত্তর আধুনিক কবি আল মাহমুদ ও কবি মহিবুর রহিমের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণসভা ও কবিতা পাঠের আসর
- Update Time : ০৭:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ১৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
বিজয় সাহিত্য সংস্কৃতি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে প্রখ্যাত উত্তর আধুনিক কবি আল মাহমুদ ও কবি মহিবুর রহিম-এর স্মরণে এক স্মরণসভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার উইজডম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মোহাম্মদ ইসমাইল ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার মাওলানা গোলাম হাক্কানী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সুলাইমান।
স্মরণসভায় বক্তব্য রাখেন রাজিবুল হাসান বাপ্পি, অধ্যক্ষ আব্দুল মোনায়েম মুন্না, আল আমীন শাহিন, মিজান বিন আজিজ, আজম মাহমুদ মোল্লা, আবুল বাশার খাদেম, কবি গোলাম মোস্তফাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কবি আল মাহমুদ ও কবি মহিবুর রহিম-এর সাহিত্যকর্ম, বাংলা ভাষা ও সংস্কৃতিতে তাঁদের অবদান এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের সৃষ্টিকর্ম পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে এই দুই কবির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি পর্ব। এতে উইজডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কবি আল মাহমুদ ও কবি মহিবুর রহিমের রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে কবিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


















