জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: ডা. শফিকুর রহমান
- Update Time : ০৬:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৮২ Time View

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনে শিশু, তরুণ থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিলেন। জাতির প্রয়োজনে সেই জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিলের মতো ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা বেশিদিন স্থায়ী হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা ও বিভিন্ন বাহিনীর শক্তি ছিল, তখনও তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরে আসার চেষ্টা করছে। তিনি প্রশ্ন করেন, দেশে ফিরে আসার ইচ্ছা থাকলে তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল কেন?
অতীতের গুম ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হয়েছিল, তখন আওয়ামী লীগের তথাকথিত ভালো লোকেরা কেন প্রতিবাদ করেননি? এখন অনেকেই নিজেদের ভালো মানুষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। কিন্তু জাতি তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে অবগত রয়েছে।
‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে বিরোধী দল মাঠে থাকবে
সরকারের ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার অবস্থান থেকে সরে এলেও বিরোধী দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি।
তিনি বলেন, জনগণের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের এই রায় বাস্তবায়িত না হবে, ততক্ষণ বিরোধী দল রাজপথে সক্রিয় থাকবে।
প্রবাসীদের হয়রানি বন্ধের আহ্বান
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রবাসীরা দেশের জন্য অত্যন্ত গর্বের সম্পদ। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অপরিসীম। অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাঁদের হয়রানি ও দুর্ভোগের শিকার হতে হয়। এটি শুধু প্রবাসীদের জন্য নয়, পুরো জাতির জন্যই লজ্জাজনক।
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা নিয়ে মন্তব্য
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কখনো এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করেনি। অনেকেই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আন্দোলনের শুরুতে কেউ কল্পনাও করতে পারেননি যে, এর মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নিয়েছিলেন। জাতির প্রয়োজনে সেই সাহসী মানুষগুলো আবারও ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখবেন।




















