জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ
- Update Time : ১২:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৬২ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক যাত্রা শুরু; আগামী বছরের অক্টোবরে বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারিক যাত্রা শুরু হলো।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি) সূত্রে জানা গেছে, গ্রিডে সংযুক্ত হওয়ার মাত্র ২৯ মিনিটের মধ্যে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রথম ইউনিটের উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিদ্যুৎ সরবরাহ ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, পরীক্ষার প্রাথমিক ফল সন্তোষজনক। পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রিডে সংযোগ দেওয়ার আগে বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য কারিগরি বৈশিষ্ট্যের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় গ্রিড সিনক্রোনাইজেশন। সংযোগের পর উৎপাদন বাড়িয়ে পরীক্ষা করা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করতে পারে।
প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফায় প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
প্রথম দফার পরীক্ষা শেষে কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এগুলো পরীক্ষার প্রাথমিক ধাপের সময়সূচি। পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষার প্রয়োজনে উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার জন্য সাময়িকভাবে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধও রাখতে হতে পারে।
পরীক্ষামূলক সময়ে রূপপুর থেকে যতটুকু বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, তা গ্রাহকদের চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উৎপাদন ও সরবরাহে ওঠানামার সময় জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখার দায়িত্ব পালন করবে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে আগামী বছরের অক্টোবরে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটকে পুনরায় জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’ শুরু হবে। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের ধারণা, সব পরীক্ষা ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে আগামী বছরের অক্টোবর নাগাদ বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক পরিচালনা শেষে রোসাটমের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব প্রাথমিকভাবে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে (এনপিসিবিএল)।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা করা হবে। তবে উৎপাদন বৃদ্ধির বিষয়টি নির্ভর করবে কারিগরি পরীক্ষার ফলাফল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
দুটি ইউনিটে উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে প্রকল্পটির দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
প্রকল্পের প্রতিটি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সে হিসাবে দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। তবে কেন্দ্রের নিজস্ব ব্যবহারের বিদ্যুৎ বাদ দিলে জাতীয় গ্রিডে সরবরাহযোগ্য নিট সক্ষমতা প্রায় ২ হাজার ১৬০ মেগাওয়াট।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত হবে। এতে বিদ্যুৎ উৎপাদনের উৎস বহুমুখীকরণ, জ্বালানি নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।
তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে সব ধরনের কারিগরি পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করাই এখন প্রকল্পটির প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
প্রথম ইউনিটের জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















