ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা সরকারি বিনিয়োগের উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ
- Update Time : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৭৬ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি ব্যাংকটি।
রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক ব্যাখ্যায় এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায় ডিএসই।
এর জবাবে ব্যাংকটি জানায়, তাদের শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের আগ্রহ কিংবা এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণের তথ্য কর্তৃপক্ষের কাছে নেই। একই সঙ্গে এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহের তথ্য পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার প্রচলিত বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে।
এর আগে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, মূলধন সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক সরকার অথবা কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ব্যাংক কর্তৃপক্ষের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, এ বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা উদ্যোগ সম্পর্কে তারা অবগত নয়। ফলে ইসলামী ব্যাংকে সম্ভাব্য সরকারি বিনিয়োগ এবং মালিকানা পরিবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

















