১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
- Update Time : ০৪:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৮৮ Time View

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি নিয়ন্ত্রণে ১৬ বছর বা তার কম বয়সীদের জন্য নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে এ কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী, নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে বলা হয়েছে।
রুলে জানতে চাওয়া হয়েছে, ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। একই সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে উদ্বেগ
রিটকারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা অবাধে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর ফলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে অনেক শিশুর মধ্যে একাকিত্ব, হতাশা ও মানসিক অস্থিরতার মতো সমস্যা দেখা যাচ্ছে। দীর্ঘ সময় অনলাইনে কাটানোর ফলে তাদের স্বাভাবিক সামাজিক মেলামেশা, মনোযোগ ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।
ঢাকার ৮৩ শতাংশ শিশু দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিনে
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণা অনুযায়ী, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ প্রায় ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়।
গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার তুলনায় এই ব্যবহার বেশি।
গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম।
এসব শিশু রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ বয়সভেদে শিশু-কিশোরদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে বাড়ছে স্থূলতার ঝুঁকি
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো শিশুদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা এবং আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ, অভিভাবকদের সচেতনতা, অনলাইন নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
হাইকোর্টের এই নির্দেশনার মধ্য দিয়ে বাংলাদেশে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।




















