গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় উত্তাল রংপুর
- Update Time : ১১:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১১৫ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার রাত সাড়ে ১০টায় নগরীর লালবাগ এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের নেতারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সাইফুল্লাহ বারী একজন তরুণ ছাত্রনেতা ছিলেন। তাকে নির্মমভাবে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতভেদ কিংবা সাংগঠনিক পরিচয়ের কারণে কোনো নাগরিকের জীবন কেড়ে নেওয়া সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রশিবিরের রংপুর মহানগর, জেলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে একযোগে দাবি জানানো হয়— সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক কর্মী বা সাধারণ নাগরিক এ ধরনের সহিংসতার শিকার না হন, সে জন্য রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।












