নিরাপত্তা জোরদারে রেলওয়ের জরুরি নির্দেশনা
- Update Time : ০৪:৩০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১৯৭ Time View

দেশজুড়ে সহিংসতার আশঙ্কা এবং টানা অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে রেলওয়ের স্থাপনা ও চলাচল নিরাপদ রাখতে বিশেষ সতর্কতা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয় থেকে দেশের সব রেল বিভাগ, জোন ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এই নির্দেশনায় স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশে সংঘটিত অগ্নিকাণ্ড ও সহিংসতার ঘটনাগুলো রেলওয়ের স্থাপনা ও যাত্রী নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছে। তাই রেললাইন, রেলসেতু, স্টেশন, সিগন্যাল পোস্ট, ট্রেনসহ সব স্থাপনায় যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন জরুরি।
এতে আরও নির্দেশ দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেলওয়ের প্রতিটি স্থাপনায় নিরাপত্তা জোরদার রাখতে হবে। বিশেষ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, রাতের বেলায় ট্রেন চলাচল ও স্টেশন এলাকায় টহল জোরদার করতে হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী সুযোগ নিতে না পারে। একই সঙ্গে সব বিভাগীয় প্রকৌশলী ও কর্মকর্তাদের নিজ নিজ এলাকার রেল স্থাপনা তদারকি এবং জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথ জাতীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ অবকাঠামো হওয়ায় যে কোনো সহিংসতা বা অগ্নিসংযোগ রোধে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রেল প্রশাসন। যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “বর্তমান পরিস্থিতিতে রেলওয়ে স্থাপনাগুলো সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তাই আমরা চাই না কোনোভাবে যাত্রী বা অবকাঠামোর নিরাপত্তা বিঘ্নিত হোক। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বড় বড় স্টেশনগুলোতে সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক যাত্রী ও মালামাল তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে।













