ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টন ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩
- Update Time : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ দল। এ সময় জিরা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিরাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লক্ষ্মীপুর গ্রামের মো. এম. ফয়সাল আবীর, রাজশাহী জেলার এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মো. আজিজুল হাকিম এবং একই এলাকার মো. হাবিবুর রহমান।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহবাজপুর এলাকায় যৌথ টহল দল সেটিকে থামার সংকেত দেয়।
ট্রাকটি থামানোর পর বিজিবি ও র্যাব সদস্যরা ট্রাকে থাকা জিরার বৈধ কাগজপত্র দেখতে চান। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০ টন জিরা পাওয়া যায়।
এরপর জিরাসহ ট্রাকটি জব্দ এবং ট্রাকে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক শাহবাজপুর এলাকায় তল্লাশির জন্য থামানো হয়। পরে ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে পারেননি। এ কারণে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দ করা জিরা ও ট্রাকের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।










