সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৯:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৩ Time View

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই সময় পর্যন্ত মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা যাওয়ার কথা রয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তবে মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে চলতি বছরের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনকে ঘিরে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে গাজী নজরুল ইসলাম মরিয়মকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। মরিয়ম ও তার বাবার পক্ষ থেকেও বিয়ের দাবি করা হয়েছিল। তবে তাদের বিয়ে ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য নিয়ে সে সময় গণমাধ্যমে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়।
পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। দলটির পক্ষ থেকে নৈতিক স্খলনের অভিযোগের কথা জানানো হয়েছিল।
মরিয়মের মৃত্যুর ঘটনায় এখন তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণের অপেক্ষা রয়েছে।













