সম্মিলিত ইসলামী ব্যাংক,মূল টাকা মিললেও মুনাফা পাবেন না গ্রাহক
- Update Time : ১০:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৬৩ Time View

একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর সাধারণ আমানতকারীদের জন্য আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের ক্ষেত্রে গ্রাহকেরা আপাতত শুধু জমাকৃত আসল টাকা এককালীন উত্তোলন করতে পারবেন। এর সঙ্গে কোনো ধরনের অর্জিত বা প্রাপ্য মুনাফা দেওয়া হবে না।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ওই নির্দেশনায় আমানতকারীদের অর্থ পরিশোধের বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় কোনো অ-প্রাতিষ্ঠানিক অর্থাৎ সাধারণ বা ব্যক্তি শ্রেণির আমানতকারী তার চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের শুধু মূল অর্থ উত্তোলন করতে চাইলে হস্তান্তরগ্রহীতা ব্যাংককে তা পরিশোধ করতে হবে।
অর্থাৎ, গ্রাহক হস্তান্তরকারী ব্যাংকে নিজের অর্থ থেকে যে পরিমাণ টাকা জমা রেখেছিলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সেই মূল টাকা ফেরত নেওয়ার সুযোগ পাবেন। তবে ওই আমানতের বিপরীতে ইতোমধ্যে অর্জিত বা ভবিষ্যতে প্রাপ্য মুনাফা এই উত্তোলন সুবিধার আওতায় থাকবে না।
মূল টাকা নিলে চূড়ান্ত নিষ্পত্তি
তবে আমানতের মূল টাকা উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত রয়েছে। কোনো আমানতকারী এই সুবিধা গ্রহণ করলে সেটিকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সংশ্লিষ্ট আমানতকারীর পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে।
ফলে মূল টাকা গ্রহণের পর ওই হিসাবের বিপরীতে ভবিষ্যতে মুনাফা বা অন্য কোনো পাওনা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ, এই সুবিধা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট আমানতকারীর হিসাবের দাবি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে বলে বিবেচিত হবে।
ঋণ বা দায় থাকলে টাকা সমন্বয় হবে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আমানতের অর্থ পরিশোধের আগে হস্তান্তরকারী ব্যাংকের কাছে সংশ্লিষ্ট আমানতকারীর কোনো দায়, ঋণ বা বকেয়া থাকলে তা আমানতের অর্থ থেকে সমন্বয়
অর্থাৎ, কোনো গ্রাহকের ব্যাংকের কাছে বকেয়া দায় থাকলে প্রথমে সেই অর্থ সমন্বয় করা হবে। এরপর অবশিষ্ট অর্থ আমানতকারীকে পরিশোধ করা হবে।
১ থেকে ৭ সেপ্টেম্বর আবেদন
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা মূল টাকা উত্তোলনের জন্য ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে পারবেন।
আবেদন ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের সম্পূর্ণ মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়নের কার্যক্রম শুরু হবে।
ব্যাংকটির আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর, ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানত হিসাব থেকে গ্রাহকেরা নির্ধারিত নিয়মে মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন।
তবে কেউ যদি হিসাব বন্ধ না করে চালু রাখেন, তাহলে সংশ্লিষ্ট হিসাবের চুক্তি ও শর্ত অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এলে গ্রাহকদের মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
১ সেপ্টেম্বর ‘বিশেষ গ্রাহকসেবা দিবস’
এদিকে আমানতের অর্থ পরিশোধের কার্যক্রমকে কেন্দ্র করে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এদিন ব্যাংকের শাখা ও উপশাখাগুলো পরিচ্ছন্ন ও আকর্ষণীয়ভাবে সাজানোর পাশাপাশি কর্মকর্তাদের মার্জিত ও নির্ধারিত পোশাকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানোর ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন, শান্ত ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।
ব্যাংক খাতের সাম্প্রতিক পুনর্গঠন ও রেজল্যুশন প্রক্রিয়ার মধ্যে এই নির্দেশনা সাধারণ আমানতকারীদের জন্য তাদের জমাকৃত মূল অর্থ ফেরত পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মুনাফা পাওয়ার বিষয়টি নির্ভর করবে গ্রাহক হিসাবটি নগদায়ন না করে চালু রাখছেন কি না এবং ব্যাংকের পরবর্তী স্বাভাবিক কার্যক্রমের ওপর।













