অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে দেশছাড়া করা হবে: অমিত শাহ
- Update Time : ১২:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৪২ Time View

ভারতের পশ্চিমবঙ্গসহ পুরো দেশ থেকে তথাকথিত ‘অনুপ্রবেশকারীদের’ শনাক্ত করে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (৯ মে) কলকাতার নিউ টাউনের একটি কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়ককে নিয়ে অনুষ্ঠিত পরিষদীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বৈঠকে অমিত শাহ বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছে যে দলটি সন্ত্রাস নয়, উন্নয়ন এবং ভয়মুক্ত সমাজ গড়তে চায়। তিনি দাবি করেন, নতুন সরকার পশ্চিমবঙ্গে “ডাবল ইঞ্জিন” মডেলে কাজ করবে এবং দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা ও প্রশাসনিক অস্থিরতা দূর করবে।
অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরে অমিত শাহ বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারত থেকেই অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বহিষ্কার করা হবে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ভবিষ্যতে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করা আর সহজ হবে না।
শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নতুন সরকার অঙ্গীকারবদ্ধ থাকবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে “সোনার বাংলা” হিসেবে গড়ে তুলতে উন্নয়ন, নারী নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সামাজিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হবে।
বিজেপির পক্ষ থেকে নারী কল্যাণমূলক কয়েকটি প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়। অমিত শাহ জানান, নারীদের মাসিক ভাতা, বেকার ভাতা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি আর জি কর কাণ্ড এবং সন্দেশখালী ঘটনাকে উল্লেখ করে বলেন, এসব ঘটনার তদন্তে কমিশন গঠন করা হবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন। প্রশাসনের রাজনৈতিক ব্যবহার বন্ধ করারও অঙ্গীকার করেন তিনি।
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি জানান, তার সরকারের মূলনীতি হবে “আমি নয়, আমরা”। পশ্চিমবঙ্গের উন্নয়ন, নারীকল্যাণ, দুর্নীতিবিরোধী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কারই হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষিত উন্নয়ন প্যাকেজ বাস্তবায়নে তার সরকার কাজ করবে এবং জনগণের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।





















