চিকিৎসকের কথা অমান্য করে ইনজুরি নিয়েই অনুশীলনে নেইমার
- Update Time : ০২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৬৪ Time View

চিকিৎসকদের নির্দেশনা উপেক্ষা করে ইনজুরি নিয়েই অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার ক্যারিয়ারে চোট যেন অবিচ্ছেদ্য অংশ—এবারও তার ব্যতিক্রম হলো না। ব্রাজিলীয় গণমাধ্যম গ্লোবো স্পোর্তে জানিয়েছে, নেইমারের বাঁ পায়ের মেনিস্কাসে নতুন চোট ধরা পড়েছে, যা তাকে প্রতিনিয়ত ব্যথা ও অস্বস্তিতে ফেলছে। এই অবস্থায় ক্লাব সান্তোসের চিকিৎসক দল তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তিনি তা মানেননি।
গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের চিকিৎসকেরা, ক্লাব ব্যবস্থাপনা এবং নেইমারের ব্যক্তিগত মেডিক্যাল টিম সবাই তাকে খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে দ্রুত আরোগ্যের জন্য অ্যান্থ্রোস্কপি সার্জারি করানোর পরামর্শ দেন। কিন্তু সার্জারি করালে ২০২৫ সালের বাকি সময় মাঠে ফিরতে পারবেন না বলে জানানো হয়। এই সম্ভাবনাটিই নেইমারকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে।
এদিকে সান্তোস বর্তমানে রেলিগেশনের হুমকিতে রয়েছে। লিগ সেরি এ–তে তাদের হাতে রয়েছে মাত্র তিনটি ম্যাচ। এই কারণেই ঝুঁকি জেনেও দলকে বাঁচাতে মাঠে ফিরতে মরিয়া দলের ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। শুক্রবার (২৮ নভেম্বর) স্পোর্ট রেসিফের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সান্তোসের; সেটিতে খেলতে বৃহস্পতিবার তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন—যা চলতি সপ্তাহে তার প্রথম অনুশীলন সেশন।

বুধবার নেইমারের হাঁটুর অবস্থা যাচাই করতে আরও পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছিলেন সান্তোসের সভাপতি মারসেলো টেক্সেইরা। নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানালেও, এর মাঝেই বাঁ হাঁটুতে সাপোর্ট ব্যান্ডেজ পরে অনুশীলন করে যান ৩৩ বছর বয়সী এই তারকা। সংবাদমাধ্যমের ভিড় এড়াতে অনুশীলনশেষে তিনি সতীর্থদের আগেই মাঠ ছাড়েন।
বিশেষজ্ঞদের মতে, এখনই অ্যান্থ্রোস্কপি না করালে নেইমারের হাঁটুর সমস্যা আরও জটিল হতে পারে। আর সার্জারি করালে অন্তত এক মাসের বিশ্রাম প্রয়োজন হবে—যা নেইমারের বিশ্বকাপ লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে থাকতে হলে নেইমারকে পুরোপুরি ফিট হতে হবে। নতুন এই ইনজুরি তাই তার বিশ্বকাপ সম্ভাবনায় বড় আঘাত।
২০২৫ সালে এক বছরের মধ্যেই চারবার ইনজুরিতে পড়েছেন তিনি। জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়ার পর মার্চে ঊরুর চোটে পোলিস্তা লিগের সেমিফাইনাল মিস করেন, এপ্রিলে আবারও একই পায়ে নতুন চোট পান। সেপ্টেম্বরে ডান ঊরুতে গ্রেড–২ ইনজুরি, আর নভেম্বরে সর্বশেষ বাঁ হাঁটুতে মেনিস্কাসের ইনজুরি। এভাবে চোটে জর্জরিত থাকায় গোটা বছরে মাত্র ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন, গোল করেছেন মাত্র ৭টি—যা তার চুক্তি নবায়নেও প্রশ্ন তুলে দিচ্ছে।
সব মিলিয়ে, ইনজুরির দুঃস্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। তবে মাঠে ফেরার আকাঙ্ক্ষা তার শরীরের সতর্ক সংকেতকে অনেকটাই ছাপিয়ে যাচ্ছে—এটাই নেইমারকে নিয়ে ভক্তদের সবচেয়ে বড় উদ্বেগ।






















