সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ
- Update Time : ০৪:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১৮২ Time View

ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. মুহাম্মদ জয়নাল আবেদীন হারুন অর রশীদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি জব্দের আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে অনুমোদন দেন।
দুদকের আবেদনে বলা হয়, হারুন অর রশীদ ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী এবং সংশ্লিষ্ট আর্থিক নথিপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন—দুদক আদালতে এমনটাই উল্লেখ করে।
এর মাধ্যমে দুদকের তদন্ত আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।













