গাজায় ৭ কিলোমিটার লম্বা ও ২৫ ফুট গভীর বিশাল টানেলের সন্ধান পেল আইডিএফ
- Update Time : ০৪:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৫৫ Time View

গাজায় ৭ কিলোমিটার লম্বা ও ২৫ ফুট গভীর বিশাল টানেলের সন্ধান পেল আইডিএফ
ভেতরে ৮০টি গোপন কক্ষ, কমান্ড পোস্ট ও নিহত ইসরাইলি সেনার দেহাবশেষ রাখার তথ্য প্রকাশ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামাসের আরেকটি বিশাল ভূগর্ভস্থ টানেল আবিষ্কারের দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নতুনভাবে শনাক্ত করা এই টানেলটি সাত কিলোমিটার দীর্ঘ এবং ভূগর্ভে প্রায় ২৫ ফুট গভীরে বিস্তৃত। এর ভেতরে অন্তত ৮০টি গোপন কক্ষ থাকার বিষয়ও নিশ্চিত করেছে আইডিএফ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক্স (টুইটার)-এ প্রকাশিত এক বিস্তারিত পোস্টের মাধ্যমে ইসরাইলি বাহিনী এই তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরে।
আইডিএফ জানায়, টানেলটি গাজার দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে বিস্তৃত। শুধু তাই নয়—জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ, শিশুদের স্কুল, হাসপাতাল ও মসজিদের নিচ দিয়েও টানেল নেটওয়ার্কটি বিস্তৃত ছিল বলে দাবি করেছে ইসরাইল। আইডিএফ বলছে, হামাস বহু বছর ধরে এসব অবকাঠামোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হামাস কমান্ডাররা এই টানেলকে অস্ত্র সংরক্ষণাগার, আক্রমণের রণকৌশল নির্ধারণ, নিরাপদ আশ্রয় ও গোপন চলাচলের কেন্দ্র হিসেবে ব্যবহার করত। ৮০টিরও বেশি কক্ষের ভেতর ছিল নেতৃত্ব পর্যায়ের কমান্ড পোস্ট, বৈদ্যুতিক সংযোগ, যোগাযোগ ব্যবস্থা এবং বহু স্তরের সুরক্ষা বলয়।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে গাজা সংঘাতের সময় হামাসের হাতে নিহত ইসরাইলি সেনা সদস্য হাদার গোল্ডইনের দেহাবশেষও এই সুড়ঙ্গেই রাখা হয়েছিল। প্রায় ১১ বছর পরে চলতি নভেম্বরের শুরুর দিকে আইডিএফ সেই একই টানেল থেকে গোল্ডইনের দেহাবশেষ উদ্ধার করে।
আইডিএফ আরও জানিয়েছে, গত মে মাসের অভিযানে তারা টানেলের ভেতরে হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারের ঘনিষ্ঠ সহযোগী মুহাম্মদ শাবানা ও অন্য সিনিয়র কমান্ডারদের ব্যবহৃত কমান্ড সেন্টারের অবস্থানও খুঁজে পেয়েছে।
পৃথক পোস্টে আইডিএফ জানায়, হাদার গোল্ডইন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক হামাস সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ পোস্টে আবারও উল্লেখ করা হয়, গোল্ডইনকে যে সুড়ঙ্গে রাখা হয়েছিল সেটি ৭ কিলোমিটার লম্বা এবং এর ভেতরে রয়েছে ৮০টিরও বেশি কক্ষ—যা হামাসের শক্তিশালী ভূগর্ভস্থ নেটওয়ার্কের একটি বড় অংশ।
তথ্যসূত্র: এনডিটিভি
















