সাবেক প্রেমিকাকে জোর করে চুমু, আত্মরক্ষায় কামড়ে ছিন্ন হলো প্রেমিকের জিহ্বা
- Update Time : ১০:০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৬৬ Time View

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনা। সাবেক প্রেমিকাকে জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করায় চম্পি নামের এক ব্যক্তির জিহ্বার একটি অংশ কামড়ে ছিন্ন করে দেন ওই নারী। যৌন নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, বিবাহিত চম্পি এবং ভুক্তভোগী তরুণীর মধ্যে অতীতে প্রেমের সম্পর্ক ছিল। তবে দীর্ঘদিন আগে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নারীটি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন। এ কারণেই তিনি চম্পির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি চম্পি; বরং তিনি বিরক্তি ও ক্ষোভে প্রায়ই তরুণীকে অনুসরণ করতে শুরু করেন।
গত সোমবার বিকেলে নারীটি স্থানীয় একটি পুকুরপাড়ে গেলে, আগের মতোই চম্পি তাকে অনুসরণ করে সেখানে উপস্থিত হয়। অভিযোগ অনুযায়ী, সুযোগ বুঝে চম্পি প্রথমে তরুণীর শ্লীলতাহানি করেন এবং এরপর জোর করে তাকে চুমুর চেষ্টা করেন। প্রচণ্ড আপত্তি ও বাধা সত্ত্বেও চম্পি আক্রমণ বন্ধ না করায় নারীটি আত্মরক্ষার্থে অতি সাহসিকতার সঙ্গে তার জিহ্বায় কামড় দেন। এতে চম্পির জিহ্বার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।
জিহ্বা ছিঁড়ে যাওয়ার যন্ত্রণায় চম্পি চিৎকার করতে শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও দ্রুত সেখানে পৌঁছে তাকে গুরুতর অবস্থায় কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কানপুরের একটি বড় হাসপাতালে রেফার করা হয়।
কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দীনেশ ত্রিপাঠি নিশ্চিত করেছেন যে ঘটনাটি সত্য। তিনি জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে চম্পির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পুরো বিষয়টি আইনের অধীনে তদন্ত করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
















