ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে অগ্নিসংযোগ, ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন
- Update Time : ১১:১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৯৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় এক রাতের ব্যবধানে ফের রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশন এলাকার কাছাকাছি স্থানে দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে দেয়। এর আগের রাতেও একই জায়গার অদূরে অগ্নিসংযোগ করা হয়েছিল।
ঘটনার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী মহাগর এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। পরে রাত ১২টার পর ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি নিজেও পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যান।
তিনি বলেন, “দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আমরা আগুন নিভিয়ে এলাকা নিরাপদ করেছি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
রেললাইনকে লক্ষ্য করে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।










