হতাহতের সংখ্যা গোপনের অভিযোগ অসত্য: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি
- Update Time : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১৪৭ Time View

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া “হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে”– এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে দুর্ঘটনায় নিহত ও আহতদের তথ্য সংগ্রহ ও প্রকাশে কাজ করছে। নিহতের সংখ্যা সরকার বা প্রশাসন গোপন করছে না, বরং প্রতিটি মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই যথাযথ প্রক্রিয়ায় তা প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যারা ঘটনাস্থলে বা হাসপাতালে মারা গেছেন, তাদের পরিচয় নিরূপণ করা হচ্ছে। যেসব মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত সম্ভব হয়নি, তাদের শনাক্তকরণে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিকিৎসা ও তদারকি কার্যক্রমে সরকার সর্বোচ্চ সক্রিয়
প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের সুচিকিৎসায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের শারীরিক ও মানসিক অবস্থার দিকে নজর রেখে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হচ্ছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা, দাফন ও আইনি প্রক্রিয়াতেও সরকার পাশে থাকার অঙ্গীকার করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়—“আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি ও গোষ্ঠী এই দুর্যোগকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের প্রতি আমরা আহ্বান জানাই—এই জাতীয় ট্র্যাজেডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান।”
নিখোঁজদের তথ্য যাচাইয়ের কাজ চলছে, চালু হচ্ছে কন্ট্রোল রুম
বিবৃতিতে আরও জানানো হয়, যদি কোনো শিক্ষার্থী বা শিক্ষক এখনো নিখোঁজ থেকে থাকেন, তাহলে তার পরিবার বা পরিচিতদেরকে দ্রুত মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এ লক্ষ্যে স্কুলে একটি বিশেষ
সরকারের পক্ষ থেকে এমন একটি দুঃখজনক ঘটনার পর গণমাধ্যম, প্রশাসন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে কাজ করছে উল্লেখ করে বিবৃতিতে সব পক্ষকে সংযত থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সর্বশেষ তথ্যে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।













