এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ২৫ জন
- Update Time : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ২১৪ Time View

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অথচ কোটাসহ মেডিক্যাল কলেজগুলোতে মোট আসন রয়েছে মাত্র পাঁচ হাজার ৩৮০টি। অর্থাৎ, প্রতি একটি আসনের জন্য লড়বেন ২৫ জন শিক্ষার্থী।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনকারীরা আবেদন ফি জমা দিতে পারবেন। এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়।
ভর্তি পরীক্ষা আয়োজন কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শুক্রবার পর্যন্ত এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। আবেদনের সময় আর বাড়ানো হবে না।’
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, এ বছর মোট পাঁচ হাজার ৩৮০টি আসনের বিপরীতে এক লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে, যার ফলে আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫.১৪ জন।
উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট এক লাখ চার হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, যেখানে আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যা ছিল ১৯.৩৪ জন। অর্থাৎ, এ বছর প্রতিটি আসনের জন্য ছয়জন অতিরিক্ত প্রতিদ্বন্দ্বী যুক্ত হয়েছেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে সব ধরনের মেডিক্যাল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।











