মেসির সাথে বার্সায় ফিরছেন বহু কিংবদন্তি!
- Update Time : ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৩২৮ Time View

লিওনেল মেসিসহ বার্সেলোনার অনেক কিংবদন্তি ক্লাবে ফিরতে যাচ্ছেন! স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি তাদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে বড়সড় আয়োজনের পরিকল্পনা করেছে, যা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। এই বিশেষ অনুষ্ঠানে মেসি এবং অন্যান্য কিংবদন্তিদের একত্রিত করার চেষ্টা করছে বার্সেলোনা।
‘এফসিবি ওয়ার্ল্ড’ এর মিগুয়েল রিকো এক প্রতিবেদনে উল্লেখ করেছেন যে ক্লাবটি ইতোমধ্যেই এই মাইলফলক উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। মেসি ছাড়াও বার্সার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হবে। যেসব কিংবদন্তি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারবেন না, তাদের ভিডিও বার্তা প্রেরণের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে এই বিশেষ অনুষ্ঠানটি বার্সার আইকনিক ন্যু ক্যাম্প স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে স্টেডিয়ামটির পুনর্নির্মাণকাজ শেষ না হওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ক্লাব ম্যানেজমেন্টকে। এর পরও অন্য দিকগুলো ঠিক রেখে অনুষ্ঠানের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
এই আয়োজনের মূল লক্ষ্য হলো বার্সেলোনার ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান জানানো, যাদের অবদান ক্লাবকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। মেসি এই তালিকার শীর্ষে থাকা একজন আইকন। বিশেষ করে তার বিদায়ের সময় ঘিরে যে নাটকীয় ঘটনা ঘটেছিল, তার জন্য তাকে বিশেষ সম্মান জানানোর পরিকল্পনা করছে বার্সেলোনা।
বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি, এমনকি ক্লাবের অর্থনৈতিক সংকটের সময় নিজের বেতনও কমিয়ে ছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। বর্তমানে বার্সেলোনা আবারও মেসির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
বার্সেলোনার হয়ে মেসি জিতেছেন ১০টি স্প্যানিশ লিগ, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ এবং ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ। সব মিলিয়ে তিনি নিজেকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এদিকে, মেসির বর্তমান দল ইন্টার মায়ামি সম্প্রতি কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে, যেখানে মেসি করেছেন দুটি গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে মেসির ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টি, যা তাকে ইতিহাসের অন্যতম সফল ফুটবলার হিসেবে তুলে ধরেছে।

















