ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত
- Update Time : ১০:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৩৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আলহেরা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতারা অংশ নেন।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য থেমে থাকার সুযোগ নেই। আদর্শিক সংগ্রামকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ গঠনের জন্য সৎ, দক্ষ ও তাকওয়াবান নেতৃত্ব অপরিহার্য। সেই লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বলেন, অধঃস্তন সংগঠনগুলোই মূল সংগঠনের প্রাণশক্তি হিসেবে কাজ করে এবং বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ের সংগঠনগুলোকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মোবারক হোসাইন আখন্দ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম। শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নাজমুল আলম আরিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জোনায়েদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল বাসার, মুনিরুজ্জামান, রাজিফুল হাসান বাপ্পী, কাজী সিরাজুল ইসলাম, ডা. এম এ হানিফ এবং রুকন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ের সংগঠনগুলোকে দাওয়াতি কার্যক্রমের কেন্দ্র এবং আদর্শিক আন্দোলনের শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে। দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইসলামী ও সমসাময়িক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
শিক্ষাশিবিরে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে “জুলাই বিপ্লব” ও “জুলাই সনদ” প্রসঙ্গ তুলে ধরে বলেন, এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
দিনব্যাপী এ শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর, সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংগঠনিক দিকনির্দেশনা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।













