স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামছেন রুমিন ফারহানা
- Update Time : ১১:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৬১ Time View

বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করলেও শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি—ব্রাহ্মণবাড়িয়া–২ ও ব্রাহ্মণবাড়িয়া–৬—ফাঁকা রাখা হয়। পরে আসন সমঝোতার অংশ হিসেবে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয় বিএনপি। ফলে আলোচিত এই আসনে দীর্ঘদিন আলোচনায় থাকা ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হন।
তবে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রুমিন ফারহানা। বিষয়টি তিনি নিজেই বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দল থেকে মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জোট সমঝোতার মাধ্যমে ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠোর সিদ্ধান্তের মুখে পড়তে হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আশা করি আমার ক্ষেত্রে তেমন কিছু হবে না। তিনি জানান, মনোনয়ন ফরম কেনার আগেই তিনি সম্মানের সঙ্গে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন। দু-একদিনের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলেও জানান তিনি।
স্বতন্ত্র প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, কোন প্রতীক পাওয়া যাবে বা দেওয়া হবে, তা সময়ই বলে দেবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের মানুষের ভালোবাসা এখনো তার সঙ্গে আছে এবং সেই ভালোবাসার প্রতিফলন ভোটের মাধ্যমেই দেখা যাবে।
















