নির্বাচন পিছিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল
- Update Time : ০৭:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৫০ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেছেন, নির্বাচন পেছানো হলে দেশের “সর্বনাশ হয়ে যাবে” এবং গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন,
“একটি মহল এখন নির্বাচন পেছাতে মরিয়া হয়ে উঠেছে। তারা চায়, এই নির্বাচন যেন সময়মতো না হয়। এটি একাত্তরের পরাজিত শক্তিরই চক্রান্ত—যারা এখনও দেশকে গিলে খেতে চায়। আমরা তা হতে দেব না।”
তিনি আরও বলেন,
“আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে—সবকিছু ২০২৪ সালের আন্দোলনেই সম্পন্ন হয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ না হলে এই দেশই জন্ম নিত না। আমাদের জন্মের ইতিহাসকে যারা মুছে দিতে চায়, তাদের প্রতিহত করাই আজকের লড়াই।”
ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের ইতিহাস বিকৃত করে ৭১-এর চেতনা ধ্বংসের অপচেষ্টা চলছে। তিনি বলেন,
“আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এক শ্রেণির মানুষ নতুন বিভাজন তৈরি করতে চাইছে—হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এটি স্বাধীন বাংলাদেশের জন্য অশুভ ইঙ্গিত।”
বিএনপি মহাসচিব আরও বলেন,
“ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এটা জাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে সর্বনাশ হয়ে যাওয়া। সময়মতো নির্বাচনই দেশের স্থিতিশীলতার একমাত্র পথ।”
তিনি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন,
“আপনারা যে চেতনায় যুদ্ধ করেছিলেন, আজ সেই চেতনা রক্ষার সময় এসেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে রক্ষা করা সম্ভব।”
মতবিনিময় সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।










