শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যের পোশাকে লুকানো ১৫টি মোবাইল উদ্ধার
- Update Time : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২৭৮ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের আলোচনায় নিরাপত্তা দুর্বলতা। বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে চুরি করে বের হওয়ার সময় এক আনসার সদস্যকে হাতেনাতে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। অভিযুক্ত আনসার সদস্যের নাম জেনারুল। তার শরীর তল্লাশি করে জুতা, প্যান্ট ও শার্টের ভেতর থেকে মোট ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানান, আনসার সদস্য জেনারুল কার্গো এলাকার নিরাপত্তা দায়িত্বে ছিলেন। বিকেলে তিনি ডিউটি শেষে বাইরে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের চোখে পড়ে তার অস্বাভাবিক হাঁটাচলা। সন্দেহ হলে তাকে থামানো হয় এবং তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দেখা যায়, তার বুট জুতার ভেতরে একাধিক মোবাইল ফোন, এছাড়া প্যান্টের ভেতর ও শার্টের নিচেও আরও কয়েকটি ফোন লুকিয়ে রাখা হয়েছে। উদ্ধারকৃত ফোনের সংখ্যা ১৫টি বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ।
একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে ফোনগুলো কার্গো থেকে চুরি করা। ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের বাইরে তার সহযোগীরা অপেক্ষা করছিলেন, যাদের হাতে সে ফোনগুলো তুলে দেওয়ার কথা ছিল।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আনসার সদস্য জেনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শাহজালাল বিমানবন্দর থেকে বারবার চুরি, পাচার ও দুর্নীতির ঘটনা ঘটছে, যা দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারের নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বিমানবন্দরের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা এবং পর্যাপ্ত নজরদারির অভাবকে এসব ঘটনার জন্য দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা।










