দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব
- Update Time : ০২:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ২১৯ Time View

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাতিল করা, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করা এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন সুবিধা বন্ধ করার প্রস্তাব উত্থাপন করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা।
শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাবনা তুলে ধরা হয়। এই সভায় অংশ নেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীদের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইনজীবী এম সরোয়ার হোসেন। উপস্থিত ছিলেন নুরুল হুদা চৌধুরী, এ এস এম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মজিবুর রহমান, মেজর (অব.) আমান আহমেদ আনসারী, মেজর (অব.) মো. জিয়াউল আহসান এবং মেজর (অব.) মিজানুর রহমান।
মতবিনিময় সভায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন এবং সাদিক আল আরমান উপস্থিত ছিলেন।











