দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল
- Update Time : ০২:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ২০৫ Time View

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল। সোমবার সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকের উদ্যোগে এই আলোচনায় অংশ নেন তিনি।
আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন দুর্নীতির ঘটনা ঘটলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “দুদক ছিল, উচ্চ আদালতও ছিল, কিন্তু কোনো বিচার হয়েছে? বিচার শুধু হতো বেগম খালেদা জিয়ার। তিন কোটি টাকা একটি জায়গায় রাখা হয়েছিল প্রক্রিয়াগত ভুলের জন্য। সেই টাকা কেউ আত্মসাৎ করেনি। বরং ব্যাংকে থাকা সেই তিন কোটি টাকাই ৬ কোটি টাকায় পরিণত হয়েছে। তারপরও দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এই দেশের দুদক এবং বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল। আর সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পরিবার চুরি-দুর্নীতিতে জড়িত ছিল, তিনিই সারা দেশে বলে বেড়াতেন যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এমন একটি সরকারের অধীনে কেউ সাহস করে কোনো কথা বলতে পারত না।”
আসিফ নজরুলের মন্তব্যে সরকারের সময়কার বিচার ও দুর্নীতি নিয়ে সমালোচনা উঠে আসে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসার অংশ।











