ভোরে ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল মুফতি আমির হামজা-র বার্তা
- Update Time : ০২:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৯ Time View

কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়েছেন। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তার বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে যেখানে কটু কথা বলা হয় বা তথাকথিত ‘মিডিয়া ট্রায়াল’ পরিচালিত হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপ কথার জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন।
পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই—আমাকে নিয়ে যেসব জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।”
তিনি আরও পরামর্শ দেন, কেউ চাইলে ভদ্র ও যুক্তিসঙ্গতভাবে বিষয়টি বুঝিয়ে বলতে পারেন, অথবা নীরব থেকে এড়িয়ে যেতে পারেন। তবে কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে কটু কথা না বলার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটিই আমাদের কাম্য।”
নিজের বিরুদ্ধে সমালোচনার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, এসব বিষয়ে তার জন্য মহান আল্লাহই যথেষ্ট। তিনি দাবি করেন, সমালোচনা বা কটূক্তিতে তিনি বিচলিত নন এবং শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হবে।
পোস্টটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৫৮ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। পাশাপাশি প্রায় ৪ হাজার মন্তব্য এবং প্রায় ১২০০ শেয়ার হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা ও অনুসারীদের সক্রিয় উপস্থিতিরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।








