নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
- Update Time : ০২:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬ Time View

জাতীয় সংসদ নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগ তুলে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে অভিযোগ জমা দিয়ে চার কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ জানানো হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসব অনিয়ম ও প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে ১১ দলীয় জোট সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করবে।
হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, “কোনো কোনো কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারাই ব্যালটে সিল মেরেছেন। আমরা কমিশনকে জানিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বল্প ভোটের ব্যবধানে অন্তত ৩২টি আসনে জামায়াত জোটকে পরাজিত করা হয়েছে।”
তবে একই সঙ্গে তিনি জানান, নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ থাকলেও তারা শপথ নিয়ে সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
















