ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানালেন হাসনাত
- Update Time : ০২:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩০ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তকে অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তারা এই নিষেধাজ্ঞাকে হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে একে ‘নব্য ফ্যাসিবাদের’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। কুমিল্লা-৪ আসনের ১১-দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ফলে ভোটকেন্দ্রে অনিয়ম, জালিয়াতি বা সহিংসতার ঘটনা ঘটলেও সাধারণ নাগরিকরা তাৎক্ষণিকভাবে ছবি বা ভিডিও ধারণ করে প্রকাশ করতে পারবেন না। এতে কার্যত ‘ভোট চুরি’র পথ আরও প্রশস্ত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করা মানে ভোটারদের অনেক ক্ষেত্রে মোবাইল ফোন বাড়িতে রেখে আসতে বাধ্য করা, যা তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও তা মোবাইল ফোনের মতো তাৎক্ষণিকভাবে অনিয়ম প্রতিরোধ বা প্রমাণ সংরক্ষণে কার্যকর নয়। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
















