‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে ৫১ দফার ইশতেহার ঘোষণা বিএনপির
- Update Time : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রায় দুই দশক পর সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি রাষ্ট্র ও জনগণের জন্য কী কী করবে—তার বিস্তারিত রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে ৯টি প্রধান খাতকে অগ্রাধিকার দিয়ে বিএনপির ৫১ দফার নির্বাচনি ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে এটিই তাঁর নেতৃত্বে বিএনপির প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। দলের পক্ষ থেকে জানানো হয়, জনগণের কল্যাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই এই ইশতেহারের মূল লক্ষ্য।
এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময় প্রতিটি নির্বাচনি ইশতেহার তিনিই ঘোষণা করেছিলেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। ওই নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যা অনুষ্ঠিত হয় গুলশানের লেকশোর হোটেলে।
উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছিল।
















