বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না: শফিকুর রহমান
- Update Time : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৭ Time View

সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন,
‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। মামলা–বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’
বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে
শফিকুর রহমান বলেন, ‘কোনো পরিস্থিতি হলেই যাঁরা মুসলমান নন, তাঁরা ভয়ের সংস্কৃতিতে থাকবেন কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। সেই পরিবেশ আমরা রাখব না। এই দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই আমরা চলব। এই বাংলাদেশে যাঁরা মাইনোরিটি অধিকার নিয়ে বেশি হাল্লাচিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতালপল্লিতে (গাইবান্দার সাহেবগঞ্জ) কী করেছে, আপনারা কি দেখেননি? আমরা তাঁদের কথা দিচ্ছি, সবাইকে বুকে ধারণ করে এগোব। আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব।’
নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে অঙ্গীকার
শফিকুর রহমান আরও বলেন, ‘মায়েদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ তৈরি করা হবে। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন। এই ভোটটি আগামী দিনে হবে ইনশা আল্লাহ ইনসাফের প্রতীক।’
তিনি বলেন, ‘নারীদের হুমকি, গায়ে হাত—এগুলো যদি বন্ধ না রাখেন, তাঁদের মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের ১৫ তারিখে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য যেভাবে যুবকরা গর্জে উঠেছিল, আবার বিস্ফোরিত হবে। মায়ের অপমান সহ্য হবে না।’
শ্রমিক
শফিকুর রহমান বলেন, ‘শুধু রাজার ছেলে রাজা নয়, বংশপরম্পরায় নেতা নয়; বরং আজ যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালান, নুন আনতে পান্তা ফুরায়, তাঁরও সন্তানদের মেধা বিকশিত করে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে আসবে। ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের পকেট পূর্ণ করেছে। ব্যাংক–বিমা লুট করেছে। বড় মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করেছে। এই টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতায় এলে এই চোরদের মুখে হাত ঢুকিয়ে সব টাকা দেশে আনা হবে।’
নওগাঁ জেলা ও কৃষকের উন্নয়নে পরিকল্পনা
নওগাঁকে উত্তরবঙ্গের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, ‘নওগাঁ জেলার মাধ্যমে দেশজুড়ে ফসলের ১০ ভাগের ১ ভাগ উৎপন্ন হয়। কিন্তু জেলা তার ন্যায্য পাওনা পায়নি। নওগাঁ শহরের প্রধান সড়কটি চার লেন করা হবে। ফসল সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করা হবে। ফল প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণ করে পর্যটন বিকশিত হবে।’
নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের জামায়াতের প্রার্থী আব্দুর রাকিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-১ মাহবুবুল আলম, নওগাঁ-২ এনামুল হক, নওগাঁ-৩ মাহফুজুর রহমান, নওগাঁ-৬ খবিরুল ইসলাম প্রমুখ।
















