স্ত্রী ও সন্তান হারানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন
- Update Time : ১০:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৪৪ Time View

সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের একটি দ্বৈত ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি জানান, আদালত মানবিক দিক বিবেচনায় নিয়ে এই জামিন মঞ্জুর করেছেন।
বর্তমানে জুয়েল হাসান সাদ্দাম একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে আনা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
এর আগে গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থানে পাওয়া যায় তাদের নয় মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ।
পুলিশ ও পরিবারের ধারণা, গভীর মানসিক বিষণ্ণতা থেকে স্বর্ণালী প্রথমে সন্তানকে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। এই মর্মান্তিক ঘটনায় সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।
















