যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার
- Update Time : ১০:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১৪৬ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক যুবদল নেতার বিরুদ্ধে ‘অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট যুবদল নেতার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে এ অভিযোগ করেন রুমিন ফারহানা।
লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুর এলাকায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যুবদল নেতা আলমগীর খাঁ বলেন, “রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই।” অভিযোগে আরও বলা হয়, তিনি এ সময় অকথ্য ও মানহানিকর ভাষায় বক্তব্য দেন, যা তার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আলমগীর খাঁ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, সংসদে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি একটি উদাহরণ দিতে চেয়েছিলেন। তার ভাষায়, “এটি স্লিপ অব টাং হতে পারে। রুমিন ফারহানার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আগে ভালোই ছিল।”
এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন রুমিন ফারহানা। তবে শেষ পর্যন্ত আসনটি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। এরপর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
















