গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত
- Update Time : ১০:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১৪৯ Time View

গণভোট অনুষ্ঠিত হলে সেখানে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে যদি গণভোট আয়োজন করা হয়, তবে বিএনপি এতে ইতিবাচক সাড়া দেবে। কারণ, সংস্কারের দাবি বিএনপিই সবার আগে তুলেছিল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
বৈঠক পরবর্তী সময়ে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে—কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। বিষয়টি যেন আরও জটিল না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, পোস্টাল ব্যালট বর্ণানুক্রম অনুযায়ী সাজানো হয়নি। এতে নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের নাম অগ্রাধিকার পেয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছেন বলে তিনি অভিযোগ করেন। কমিশনের প্রতি তার আহ্বান, পোস্টাল ব্যালটের মতো করে যেন দেশের সাধারণ ব্যালটেও প্রতীক ব্যবহারে কোনো পক্ষপাত না করা হয়।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। স্পষ্টভাবে বলা হয়েছিল, ওই সফর রাজনৈতিক নয়। বিএনপি আচরণবিধি মেনে চলার চেষ্টা করছে। অথচ কিছু রাজনৈতিক দল নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছে, কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। প্রত্যন্ত এলাকায় বিএনপি প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ঢাকা ও বড় শহরগুলোতে অন্য দল আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন তা আমলে নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।
















