যোগদানের আগেই বদলি, নোয়াখালীর নতুন ডিসি
- Update Time : ০২:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৮০ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসন পর্যায়ে ব্যাপক রদবদল শুরু করেছে সরকার। এই পরিবর্তনের অংশ হিসেবে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত আহমেদ কামরুল হাসানকে যোগদানের আগেই বদলি করে নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলামকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনে কার্যকর সমন্বয় ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে এই নতুন নিয়োগ ও বদলির তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় নোয়াখালীতে নতুন ডিসি হিসেবে আহমেদ কামরুল হাসানকে পদায়ন করে। তিনি বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় প্রশাসনজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে।
এদিকে নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। নির্বাচনের আগে দায়িত্বে পরিবর্তন আনা প্রশাসনিক প্রস্তুতির অংশ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











