ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন নয়: ঊর্মি ইস্যুতে মুশফিক ফজল
- Update Time : ০২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ২২৪ Time View

লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের স্থায়ী সংবাদদাতা এবং সাউথ এশিয়া পারস্পেক্টিভসের নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী কথা বলেছেন।
আজ মঙ্গলবার সকালে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি।
মুশফিকুল ফজল লিখেছেন, “তাবাসসুম ঊর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পালাতক স্বৈরাচারিনীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায়, হউক। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঁশিয়ারি দেওয়া-এটা সহ্য করা যায় না।”
এছাড়া, তিনি আবু সাঈদকে নিয়ে তাপসী তাবাসসুমের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের সমালোচনা করে লেখেন, “ওই সরকারি কর্মকর্তা ছাত্র-জনতার বিপ্লব এবং এই বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। খবরে দেখলাম এডভোকেট জেড আই খান পান্না তার জন্য দরদী হয়েছেন। আমার জানতে চাওয়া, উকিল সাহেব যদি জানেন তার চেম্বারের কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে, তবে তিনি কী ব্যবস্থা নিবেন? তাকে কি অবলীলায় তা করতে দিবেন?”
তিনি আরও বলেন, “শোনেন তবে, সরকার প্রধান প্রফেসর ইউনূসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।”
এ ছাড়া, এ ধরনের কর্মকর্তাদের প্রতি কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, “আর সরকারে দায়িত্বরতদের বলি, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদর্শন নয়। নিরপেক্ষতার নামে কেউ যাতে খুনিদের পক্ষাবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন। বাকিটা আর পাবলিক করতে চাই না।”
















