ঢাকা এয়ারপোর্টে ৯৬৯ পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
- Update Time : ০৭:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮২ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
এপিবিএন সূত্র জানায়, রোববার (দুপুরে) নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট VQ922 যোগে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পায়ুপথে সুকৌশলে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন।
পরবর্তীতে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়। এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কস্টেপ মোড়ানো অবস্থায় তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ (নয়শত ঊনসত্তর) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মো. নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”















